মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসিনা বেগম(৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী আব্দুর রহমান।
ঘাতক আব্দুর রহমান সোমবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম সারোয়ারের আদালতে আবদুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্ত্রী হাসিনা বেগমকে গলাকেটে হত্যা করি। এই হত্যা মামলায় আবদুর রহমান ও তার সহযোগি ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শনিবার সকালে উপজেলার বলধারার খৈয়ামুড়ি গ্রামের ২ সন্তানের জননী হাসিনা বেগমের গলাকাটা লাশ বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মেসের আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা ধায়ের করেন।
ওই মামলায় পুলিশ হাসিনার স্বামী আব্দুর রহমানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। এসময় পুলিশের কাছে সে হত্যার দায় স্বীকার করেন। পরে পুলিশ তাকে গত রবিবার দুপুরে আদালতে হাজির করলে ঘাতক আব্দুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, মামলার তদন্ত চলছে। প্রধান আসামি আব্দুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া সহযোগি আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এম.কে