সিএনজি চালকদের দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের নবীগঞ্জ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে চালকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

গতকাল রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শান্তিপাড়া নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের মুহিত চৌধুরী ও নবীগঞ্জ রসূলগঞ্জ বাজার স্ট্যান্ডের ম্যানেজার ঝলক দেবের মধ্যে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন বাবুল চৌধুরী (২৮), শিবলু চৌধুরী (৩০), ঝলক দেব (৩৫), শেখ নূর উদ্দিন (৪৫), জাবেদ মিয়া (৪০), সাইদুর রহমান (২৫), মো. লোকমান উল্লাহ (৭৫), তরাজ উল্লাহ (২৪), জামিল আহমেদ (২২), ইদন মিয়াকে (১৮) উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় অপর আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, পৌর এলাকার চরগাঁও এলাকার তিমিরপুরের লোকজন ঝলকের পক্ষে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে চরগাঁও ও তিমিরপুর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় গ্রামের বাসিন্দারা রাতে গ্রামে সভা করেছে। ফলে যে কোনও সময় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে দুই পক্ষ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘একটি সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত কোনও অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর