মাঠে এলেন না সাকিব, খেলবেন না সোমবারের ম্যাচেও

বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন সাকিব আল হাসান। মিরপুরে বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের ম্যাচে অংশ না নেয়ায় আবারও আলোচনায় বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

ভারত সফরের প্রস্তুতিমূলক টি-টুয়েন্টি ম্যাচের জন্য জাতীয় লিগ থেকে হঠাৎ ঢাকায় ডেকে আনা হয় ১০ ক্রিকেটারকে। ম্যাচের গুরুত্ব প্রকাশ পায় তাতেই। বিসিবি সবুজ দলের একাদশেও দেখা যাচ্ছিল সাকিবের নাম। কিন্তু সন্ধ্যায় খেলা শুরু হতেই দেখা গেল অনুপস্থিত এ অলরাউন্ডার। খবর নিয়ে জানা গেল, প্রস্তুতি ম্যাচ থেকে ছুটি নিয়েছেন অধিনায়ক। খেলবেন না সোমবারের দ্বিতীয় ম্যাচেও।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, না খেলার ব্যাপারে হেড কোচ রাসেল ডমিঙ্গোর অনুমতি নিয়েছেন সাকিব।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববারের প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলকে ৫০ রানে হারিয়েছে সবুজ দল। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে সবুজ দল। সর্বোচ্চ ৩৯ রান করেন ইয়াসির আলি রাব্বি। ইমরুল কায়েস করেন ৩২।

৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন লালদের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ২৯ রানে ৩ উইকেট নেন আবু হায়দার রনি।

জবাবে ১৭.৪ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় বিসিবি লাল। সবোর্চ্চ ৩৬ রান করেন ওপেনার লিটন দাস। দুইঅঙ্ক ছুঁতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। তিন বছর পর জাতীয় দলে ফেরা বাঁহাতি স্পিনার আরাফাত সানি নিয়েছেন ৩ উইকেট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর