বেতন বাড়লো নারী ক্রিকেটারদের

নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের সামপ্রতিক আন্দোলনে অন্যতম দাবি ছিল নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগে যাদের বেতন ছিল ১৫ হাজার, তাদের ২০/২৫ হাজার টাকা করে দিয়েছি। যাদের ২০ হাজার ছিল, তাদের ৩০ হাজার টাকা করে দিয়েছি।

এখন মেয়েদের সর্বোচ্চ বেতন ৪০ হাজার টাকা। আমরা ১৬/১৭ জনকে বেতন দিচ্ছি।’ নাদেল বলেন, ‘আমি সব সময় বলি, কোনো কিছু অর্জন করতে হলে ভালো পারফর্ম করতে হবে। মেয়েদের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালোই। আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারত না যে ধারাবাহিকভাবে ভালো খেলবে।

কিছু উত্থান-পতন থাকবেই।’ নারী ক্রিকেট দলের পাইপলাইন সমৃদ্ধ করতে বয়সভিত্তিক দল গঠনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বিসিবি। বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক দল গড়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর