যুবককে পিটিয়ে হত্যা : এসআই ইকবালসহ ২ জন রিমান্ডে

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই আদেশ দেয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী বলেন, সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে এজাহার মিয়া নামে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার এসআই ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে সীতাকুণ্ড পুলিশ সাত দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২২ অক্টোবর সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় এসআই ইকবাল পারভেজ রায়হানের ছোট বোন শারমিনের বাড়িতে মোবাইল চুরি হয়। এ ঘটনায় স্থানীয় ব্যক্তি এজাহার মিয়াকে সন্দেহ করা হয় এবং তাঁকে মোবাইল ফেরত দিতে বলা হয়। কিন্তু তিনি কোন মোবাইল ফেরত দেননি। এতে ক্ষিপ্ত হয় এসআই ইকবাল এজাহার মিয়াকে ডেকে নিয়ে খুব মারধর করেন। মারধরের পর এজাহার মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এজাহার মিয়ার মৃত্যুর খবর পাওয়া মাত্র সীতাকুণ্ড থানা পুলিশ এসআই ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নীপতিকে গ্রেফতার করে এবং আজ রিমান্ডের আবেদন জানাতে আদালতে হাজির করে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর