লোকমান ও সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান গতকাল রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলা দুটি করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মামলায় লোকমানের বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকা এবং সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর আগে দুদকের অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদের চিত্র উঠে আসে।

লোকমান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, অবৈধ কার্যক্রমের মাধ্যমে তিনি ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা অর্জন করেছেন। এই আয়ের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি। নগদ টাকার বাইরে ঢাকা শহরের

বিভিন্ন জায়গায় তার নামে-বেনামে আরও স্থাবর সম্পদ রয়েছে। মামলার এজাহারে বলা হয়, লোকমান ভূঁইয়া তার আয়কর নথিতে ৭৩ লাখ ৭০ হাজার ৬৬৪ টাকা অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পর্যালোচনায় দেখা যায়, লোকমান ভূঁইয়ার প্রতিষ্ঠান রুটস টেক অ্যান্ড কমিউনিকেশন্সের নামে ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর, সঞ্চয়ী ও চলতি হিসাব রয়েছে।

দুদক বলছে, মোহামেডান ক্লাবের পরিচালক হয়ে তিনি সেখানে ক্যাসিনো ব্যবসার জন্য ভাড়া বাবদ প্রতিদিন ৭০ হাজার টাকা করে মাসে ২১ লাখ টাকা আদায় করতেন। মোহামেডান ক্লাবে ক্যাসিনোটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মমিনুল হক সাঈদ পরিচালনা করতেন।

ক্যাসিনো থেকে পাওয়া ৪ কোটি ১০ লাখ টাকা অস্ট্রেলিয়ার এএনজেড এবং কমনওয়েলথ ব্যাংকে জমা রেখেছেন লোকমান। এর বাইরেও তার দেশে ও বিদেশে বেনামে প্রচুর সম্পদ রয়েছে। মামলা তদন্তকালে এসব বিষয়ে খোঁজ নেওয়া হবে।

অন্যদিকে অনলাইন ক্যাসিনো থেকে আয়ের টাকা জাপানসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে সেলিম প্রধানের বিরুদ্ধে। গুলশানে একটি স্পা সেন্টারের মালিকও তিনি। সেখানে অনৈতিক কর্মকা- চলত বলেও অভিযোগ আছে। সেলিমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি বাংলাদেশে পরিচালিত অনলাইন ক্যাসিনোর কান্ট্রি প্রধান। বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়ার ক্যাশিয়ারও তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর