পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা ও অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের দায়ে চট্টগ্রামের পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান মল্লিক শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন।

পরিবেশ অধিদপ্তর মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ঠাণ্ডাছড়ি এলাকায় পাহাড় কেটে মাটির ভারসাম্য নষ্ট এবং পরিবেশের ক্ষতি করায় স্মার্ট গ্রুপ লিমিটেডকে ৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, অন্য একটি শুনানিতে বায়েজিদ এলাকায় পাহাড় কাটায় সমবায় আবাসিক প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে দুই লাখ পাঁচ হাজার টাকা, চকবাজার এলাকার পার্সিভিল হিল কাটার দায়ে আবাসন প্রতিষ্ঠান এপিক ডেভেলপমেন্ট লিমিটেডকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মান বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য ও বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় যথাক্রমে নাসিরাবাদ এলাকার ‘সুপার নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে’ ৫ লাখ ১২ হাজার টাকা ও ‘সিএসএস করপোরেশন লিমিটেড’ নামের বিলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য্য করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর