ইঁদুর মারা বিষ খেয়ে গৃহবধুর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইঁদুর মারা বিষ (গ্যাস টেবলেট) খেয়ে প্রাণ গেল আয়েশা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর। রবিবার বিকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গৃহবধু বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের লালাপুর ডাঙ্গীপাড়া এলাকার মোজাম্মেল হকের স্ত্রী। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে মাস্টাররোলে আয়া পদে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, গত ২৪ অক্টোবর স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের আনন্দ উল্লাসের সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এলাকায় গণস্বাক্ষর করে উপজেলা চেয়ারম্যানের বরাবরে অভিযোগ দেওয়ার জন্য চেষ্টা চালায়।

পরে স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বিষয়টি মীমাংসা করেও দিলেও মেনে নেয়নি প্রতিবেশীরা। মীমাংসার পরেও তার বিরুদ্ধে অভিযোগ দেবে প্রতিবেশীরা রবিবার দুপুরে এমন খবর পেয়ে উপজেলা পরিষদ থেকে দুপুরে বাড়ীতে গিয়ে গ্যাস ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তিনি আরও বলেন, পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার ওই গৃহবধুকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে ভেলাজান নামক স্থানে গিয়ে তার মৃত্যু হলে মরদেহ বাড়ীতে নিয়ে আসে পরিবারের লোকজন। মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় গৃহবধুর আয়েশার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল সোমবার ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হবে।

গৃহবধুর স্বামী মোজাম্মেল হক রবিবার রাতে জনান, আমার স্ত্রীকে আত্মহত্যা করতে যারা বাধ্য করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আয়েশার মৃত্যুতে শোক প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, তার বিরুদ্ধে কোন অভিযোগ আমার দপ্তরে দেয়নি।

আয়েশার প্রতিবেশীরা তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছিল একটি অনুষ্ঠানে। আমি তাদের দপ্তরে লিখিত অভিযোগ প্রদানের কথা বলেছিলাম। বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখছে পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর