সবুজ দলের কাছে মুশফিক-রিয়াদের লাল দলের হার

লক্ষ্যটা ১৪৪ রানের। সাদামাটা এই লক্ষ্যের পিছু ধেয়ে ০ রানেই ভাঙলো লাল দলের উদ্বোধনী জুটি। প্রথম বলেই রান আউটের শিকার সৌম্য সরকার।

ননস্ট্রাইক এন্ড থেকে সিঙ্গেলস নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে ০ রানে সাজঘরে এ বাঁহাতি ওপেনার।

তিন নম্বরে নেমে মাত্র ৮ রানে (৫ বলে) আউট হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে ছক্কা হাঁকানোর ঠিক পরের বলে তুলে মারতে গিয়ে নাইম শেখের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন আফিফ।

এছাড়া মুশফিকুর রহিমও নিজেকে মেলে ধরতে পারেননি। ৩ বলে ৪ রান করার পর প্রিয় রিভার্স সুইপ খেলতে গিয়ে ওয়াইড থার্ড ম্যানে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন মুশফিক।

শেষ পর্যন্ত লাল দলের সংগ্রহ ১৭.৩ ওভারে ১০ উইকেটে ৯৩ রান। যার ফলে সবুজ দল জয়লাভ করে ৫০ রানে।

এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে সবুজ দল। ব্যাট হাতে ইমরুল কায়েস ৩২ রান (২৬ বলে) করে আউট হয়েছেন। নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন একদমই ব্যর্থ। শান্ত ৪ বলে ২ আর মিঠুন ৩ বলে ২ রান করে আউট হয়ে গেছেন। পরে ব্যর্থ হয়েছেন মেহেদি হাসান মিরাজও, আউট হয়েছেন ৫ বলে ২ রানে।

তরুণ নাইম শেখ কিছুক্ষণ একদিক আগলে রেখে ৩৬ বলে ২৯ রানে আউট হয়েছেন। আর সাব্বির রহমান ফিরে গেছেন ৭ বলে ৪ রান করে। মূলত বিপ্লবের জাদুকরি স্পিনের মুখেই সবুজ দলের রান চাকা স্লথ থেকে স্লথতর হয়েছে। সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ২১ বলে ৩৯ রান করেছেন ইয়াসির রাব্বি আর লেগস্পিনার রিশাদ করেন ১৩।

আমিনুল ইসলাম বিপ্লবের ১৭ রানে ৩ উইকেটের সঙ্গে আবু হায়দার রনির ২৯ রানে ৩ উইকেটও ছিল উল্লেখযোগ্য। এছাড়া কেউ ২ উইকেট পাননি। পেসার শফিউল ও অফস্পিনার নাইম হাসান একটি করে উইকেট পেয়েছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর