স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণমাধ্যমই পারে গুজব-উস্কানি থেকে জনগনকে রক্ষা করতে। এজন্য গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
রোববার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) আয়োজিত ‘সেকেন্ড ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট’ অনু্ষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সরকার প্রায়ই গুজব-উসকানির মুখোমুখি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিদিন দেশে নানাভাবে গুজব ছড়াচ্ছে। এটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে। আমরা প্রথমে গুজবে নানাভাবে প্রভাবিত হই। তারপর যখন গণমাধ্যম এ নিয়ে কথা বলে তখন প্রকৃত ঘটনা জানতে পারি।
তিনি বলেন, আপনারা যে কোনো ঘটনা আগে নিজের বিবেক দ্বারা বিবেচনা করুন, তারপর বিশ্বাস করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্টামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি শেখ আদনান, বাংলাদেশ সংবাদ সংস্থার নগর সম্পাদক মধুসূদন মণ্ডল প্রমূখ।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে সাংবাদিকতাকেন্দ্রিক পড়াশোনা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বশ্রেষ্ঠ লেখাপড়া। অতএব নিজেদের এবং সমাজকে স্মরণ করে নিজেদের সেভাবেই প্রস্তুত করতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ফেক নিউজের প্রভাবে সারাবিশ্ব আজ উদ্বিগ্ন। তাই গণমাধ্যমকে সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাদের সবসময় নিরপেক্ষভাবেই সংবাদ প্রকাশ করতে হয়।
বিজেএসসি’র সভাপতি সঞ্জিত সরকার উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
বার্তাবাজার/ডব্লিওএস