চট্টগ্রামে ‘বাংলাদেশ ট্রেড এন্ড এক্সপোর্ট ফেয়ার ২০১৯’ এর শুভ উদ্বোধন

চট্টগ্রামে দেশের প্রাণ-দেশের মান। চট্টগ্রামে ফুটে উঠে দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাণ চাঞ্চল্য। চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে সকলকে এক যোগে কাজ করতে হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিএফ) ২০১৯’ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) মাসব্যাপী এ মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। যা পূরণ না হওয়ার অসৎ উদ্দেশ্যে তাঁকে স্বপরিবারে খুন করা হয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন। তাঁর দিক নির্দেষনায় বাংলাদেশ এগিয়ে চলছে উন্নতির দিকে।

প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসেবে তিনি ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, পূর্ব ভারতের পাঁচ কোটি মানুষের দৃষ্টি এখন চট্টগ্রাম বন্দরের দিকে। তারা বাণিজ্যিক সুবিধার্থে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। পাঁচ কোটি মানুষের বন্দর ব্যবহারের ফলে দেশে কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে বন্দরের সক্ষমতা।

ব্যক্তিগত পারিবারিক, ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনের বহু ঘটনা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশ এখন প্রচুর সম্ভাবনা ও সক্ষমতার দেশ। আর এটি সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রাম বাণিজ্যিক শহর। প্রাচীন কাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশ হতে চট্টগ্রামে ব্যবসায়ীদের আসা যাওয়ার ঐতিহ্য রয়েছে। আর এই ঐতিহ্যকে ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় ব্যবসায়ী ও বিদেশি পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানে প্রস্তুত। কোন প্রকার সন্ত্রাসী ও চাঁদাবাজকে ব্যবসায়ীদের হয়রানি করার কোন সুযোগ দেওয়া হবেনা।

কোহিনূর শাকি ও বিশ্বজিৎ পালের উপস্থাপনায় পরিচালিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিএমসিসিআই সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, সিএমসিসিআই’র সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, আবদুস সামাদ লাভু, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া সহ প্রমুখ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিও্এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর