ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবর্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ

ময়মনসিংহে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে মহানগর যুবদলের সমাবেশের শেষের দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষ সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর যুবদল নগরীর হরিকিশোর রায় রোড ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে পৃথক পৃথক মিছিল বের করে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়।

জানা গেছে, মহানগর যুবদলের সমাবেশের শেষের দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ধাক্কাধাক্কি, ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে এক পুলিশ কনস্টেবলের বুকে লাগে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলসহ সাকিব, শরীফ, সাখাওয়াত, হৃদয় ও আরিফকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমিন ।

এর আগে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী,জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী রানা, দফতর সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নান খান,সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, যুবদলের সাবেক সভাপতি শামীম আজাদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, মহনগর সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিও্এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর