আকামা থাকলেও বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। শনিবার (২৬ অক্টোবর) রাতেও সৌদি থেকে ফিরেছে ১৭২ বাংলাদেশি। সৌদি সরকারের ধরপাকড়ের কবলে পড়ে ফিরেছেন তারা। জানান, অসহনীয় নির্যাতন, বাংলাদেশ হাইকমিশন আর নিয়োগকর্তাদের অসহযোগিতার কথাও।
গতকাল রাতে সৌদি এয়ারলাইন্সের এসবি 804 এসবি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেন ১৭২ কর্মী। দেশে ফিরে বিমানবন্দরে তাদের অনেকেই জানান আকামা থাকা সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হচ্ছে। এ বিষয়ে নিয়োগকর্তা ও সৌদিতে বাংলাদেশ হাইকমিশন থেকেও কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা।
অনেকেই আবার অভিযোগ করেন কেউ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে, কাউকে মসজিদ থেকে কাউকে আবার রাস্তায় চলাচল করার সময়েও গ্রেপ্তার করে সৌদি পুলিশ।
তারা জানান, যাদের পাসপোর্ট ভিসা সব ঠিক আছে তাদেরও পাঠাচ্ছে। যাদের কিছু নাই তাদের তা পাঠাচ্ছেই। মোটকথা যাকে যে অবস্থায় যেখানেই পায়, যে কাপড়েই পায় ওখান থেকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আকামা থাকলেও নিয়ে যাওয়া হচ্ছে।
এছাড়া ২০ থেকে ২৫ বছর সৌদিতে থাকা বৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাচ্ছে সৌদি সরকার। কেন এ অবস্থা এমন প্রশ্নের কোন উত্তর খোঁজে পাচ্ছেন না দেশে ফেরা প্রবাসীরা। অনেকে আবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকা ও দালাল দ্বারা প্রতারিত হয়েও দেশে ফিরছেন।
ব্র্যাক মাইগ্রেশনের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বলেন, ফেরত আসা কর্মীরা যেসব বর্ণনা দিচ্ছেন সেগুলো মর্মান্তিক। রিক্রুটিং এজেন্সিগুলোকে এর দায় নেয়ার পাশাপাশি নতুন করে কেউ যেন বিপদে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে।
এর আগে গেল শুক্রবার রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি 804 ফ্লাইটে ফেরত আসে ২০০ বাংলাদেশি। এ নিয়ে দুইদিনে ফেরত আসল ৩৭২ বাংলাদেশি। এ বছর এখন পর্যন্ত ১৬ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
বার্তাবাজার/কে.জে.পি