জাতিগত রাখাইন বিদ্রোহীরা কমপক্ষে ৪০ জন পুলিশ ও সেনা সদস্যকে অপহরণ করেছে বলে দাবি করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এর ফলে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি বিদ্রোহীদের দমন করতে হাজার হাজার সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। ফলে নতুন করে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাখাইনে। বার্তা সংস্থা এএফপির দেয়া এ খবর প্রকাশিত হয়েছে দ্য হিন্দু সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এতে বলা হয়েছে, রাখাইনে জাতিগত রাখাইন বিদ্রোহীরা রাখাইন বৌদ্ধদের জন্য অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় শনিবার একটি ফেরিতে ঘেরাও করে তারা ওই পুলিশ ও সেনা সদস্যদের জিম্মি করেছে। এর ফলে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় ওই রাজ্যে এক অশান্ত অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে হাজার হাজার সেনা দিয়ে ভরে ফেলা হয়েছে।
জবাবে আরাকান আর্মিও সহিংস হয়ে উঠেছে। তারা বাড়িয়ে দিয়েছে অপহরণ। ব্যবহার করছে ভয়াবহ বিস্ফোরক ডিভাইস।
শনিবার সকালে আরাকান আর্মি একটি নদীর তীরে অবস্থান নেয়। ওই নদীতে রাজ্যের রাজধানী থেকে উত্তরে অফ-ডিউটিতে ছিল একটি ফেরি। তাতে ছিল পুলিশ ও সেনা সদস্যরা। এ সময় তাতে গুলি ছোড়ে বিদ্রোহীরা। সেনাবাহিনীর মুখপাত্র জওয়া মিন তুন বলেন, এলোপাতাড়ি গুলিতে পুলিশ ও সেনা সদস্যরা ফেরিটির ডকে চলে যেতে বাধ্য হয়। এ সময় তাদের কমপক্ষে ৪০ জনকে ফেরি থেকে নেমে যেতে বাধ্য করা হয়। এর মধ্যে রয়েছে কমপক্ষে ১০ জন সেনা সদস্য। ৩০ জন পুলিশ ও দু’জন স্টাফ। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয়। বিদ্রোহীদের অবস্থান নির্ধারণের জন্য কর্তৃপক্ষ হেলিকপ্টার ব্যবহার করছে। তারা একটি বিশাল দলকে নদী পাড় হতে দেখেছে।
সেনাবাহিনীর এ অভিযোগের জবাবে তাৎক্ষণিকভাবে আরাকান আর্মির কোনো জবাব পাওয়া যায় নি। এর দু’সপ্তাহ আগে সন্দেহজনক বিদ্রোহীরা একটি স্পোর্টস টিমের সাজে একটি বাসে হামলা চালায়। তারপর রাখাইনের কয়েক ডজন অগ্নিনির্বাপক ও বেসামরিক লোকজনকে অপহরণ করে। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে রাখাইন রাজ্যে জাতিগত দ্বন্দ্ব, রোহিঙ্গা বিরোধী যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেনাবাহিনীর নৃশংসতায় কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অধিকার বিষয়ক গ্রুপগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে তারা বিচার বহির্ভূত হত্যাকা- ঘটিয়েছে বলেও অভিযোগ আছে। নির্যাতন ও আইন লঙ্ঘনের অভিযোগ আছে বিদ্রোহীদের বিরুদ্ধেও।
বার্তা বাজার/এম বি ইউ