ভোলার সহিংসতায় তদন্ত প্রতিবেদন জমা

ভোলার সহিংসতার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। শনিবার সকালে ১৫ পৃষ্ঠার লিখিত প্রতিবেদনটি জমা দেওয়া হয়। জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করেছি।

তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান জানান, ২০ অক্টোবর তদন্ত কমিটি গঠনের পর শনিবার প্রতিবেদন জমা দিয়েছে। তিনি ছাড়াও কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতাউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহসিনুল হাকিম ছিলেন। তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল।

কিন্তু এর মধ্যে কাজ করা সম্ভব হবে না বিধায় দুদিন সময় বাড়িয়ে পঞ্চম দিনের মাথায় গতকাল প্রতিবেদন জমা দিয়েছেন। গত ২০ অক্টোবর ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় তাওহিদী জনতার সমাবেশে বাধা দেওয়ার ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত ও পুলিশসহ ৩৮ জন গুলিবিদ্ধ হয়। এ বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ রেহাই পাবে না। দোষীদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার হবে। গতকাল শনিবার ভোলার বোরহানউদ্দিনে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন এ কথা বলেন

মুকুল বলেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছে এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের সম্পৃক্ততা বিষয়টি। মিছিল থেকে ছাত্রদল সভাপতি গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ কাকে দেওয়া হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করা হচ্ছে। একটি প্রতিবেদনও জমা হয়েছে। আগামীকাল আরও একটি প্রতিবেদন জমা হবে। তিনি বলেন, তাওহিদী জনতার দাবিগুলোর মধ্যে অধিকাংশই পূরণ করা হয়েছে। তার অংশ হিসেবে নিহতদের সহায়তা প্রদান করা।

সংবাদ সম্মেলন শেষে সহিংসতায় নিহত ৪ পরিবারকে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমদ এমপির পক্ষ থেকে ২০ লাখ টাকার অনুদান তুলে দেন সাংসদ আলী আজম মুকুল। নিহত শাহিন, মাহফুজ, মিজান ও মাহবুরের পরিবার এ অনুদান গ্রহণ করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর