ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীকে র‌্যাগিং, চবিতে আটক-৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে র‌্যাগিংয়ের সময় তিন ছাত্রকে হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ। আটকের পর ওই তিন ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন দফতরের সামনে একটি দোকানের পেছন থেকে র‌্যাগিংয়ের শিকার ওই পরীক্ষার্থীকে উদ্ধার ও তিন ছাত্রকে হাতেনাতে ধরা হয়।

আটকরা হলো আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাত রহমান, লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরশিল আজিম নিলয় ও ইতিহাস প্রথম বর্ষের ছাত্র জিহাদ হাসান।

হল সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থী পরিবহন দফতরের পাশে অবস্থিত এ এফ রহমান হলে তার পরিচিত হলের এক বড়ভাইয়ের রুমে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ওঠেন। শনিবার বিকালে নাস্তা করার জন্য ওই দোকানে যান তিনি। সেখানেই বিশ্ববিদ্যালয়ের ওই তিন ছাত্রের মুখোমুখি হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কিছু একটা বিষয়ে ওই পরীক্ষার্থীর সঙ্গে ওই তিন ছাত্রের কথা হয়। এরপর তার পরিচয় জানতে চায় তারা। ভর্তি পরীক্ষার্থী জেনে তাকে বিভিন্ন প্রশ্ন করে। এরপর দোকানের পেছনে ভর্তি পরীক্ষার্থীকে ডেকে নিয়ে যায় তারা। সেখানে তাকে প্রথমে একের ঘরের এরপর দুইয়ের ঘরের নামতা জিজ্ঞাসা করা হয়। এরপর আরও বিভিন্ন বিষয়ে জেরা করা হয়। জেরার সময় বারেবারে ধমক দিচ্ছিল তারা। ওই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের সংবাদ পেয়ে সহকারী প্রক্টর রেজাউল করিম ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে সহকারী প্রক্টর রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিন জনকে হাতনাতে ধরে পুলিশে সোপর্দ করছি। র‌্যাগিংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। এ বিষয়ে কোনও প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’

জানতে চাইলে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ওই তিন শিক্ষার্থীকে থানায় নিয়ে আসার কথা স্বীকার করেছেন। তিনি জানান, আটকরা নিজেদের দোষ স্বীকার করেছে। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবে না এমন মুচলেকা দেওয়ায় রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (২৭ অক্টোবর) কলা ও মানববিদ্যা অনুষদের অধীন ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর