নীলফামারীর জলঢাকায় শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শৌলমারী ইউনিয়নের বুড়ি তিস্তা নদীতে বালু উত্তোলনের ড্রামে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শিশু দুটি হলো গোপালঝাড় গ্রামের রাজমিস্ত্রি মোশারফ হোসেনের মেয়ে মীম (৭) এবং একই এলাকার আব্দুল কাইয়ুম এর মেয়ে সিতু (৭)। তারা দুজনেই গোপালঝাড় বসুনিয়া পাড়া সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শিশু দুটি দুপুরে স্কুল থেকে এসে বিস্কুট খেয়ে পাশ্ববর্তী বুড়ি তিস্তা নদী এলাকায় যায়। নদীতে রাখা বালু উত্তোলন করার জন্য ব্যবহৃত ড্রামে খেলতে গিয়ে পা পিছলে একজন পানিতে পড়ে যায়। অপর শিশু সহপাঠীকে বাচাতে গিয়ে সেও পানিতে ডুবে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে, শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি তাৎক্ষনিক গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়ে অবৈধ বালু উত্তোলনের সকল সরঞ্জামাদি জব্দ করার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস