সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬ জেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে চলমান ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের খলিল শেখ(২৭), বেলকুচি উপজেলার শাহিন আলম (২০), মুসা(৩২), নজরুল(৪৫), কফিল(৫০), চৌহালী উপজেলার সুজন(২০), টাংগাইল সদরের আছির(৩৫), হাফেজ(৬০), সবুজ(২০), ফরিদুল(৩০), সায়েদুল(২৩), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার বাবলু(৪২), নূর উদ্দিন(৪০), সোবহান(২০), কাওছার(২২) ও মালেক (২২)।
উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১৬ জনকে আটক, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।পরে ভ্রাম্যমান আদালতে ১৬ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস