নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু ধর্ষণ, গ্রেফতার-৪

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোঁড়াগাও ইউনিয়নের আন্ধারুপাড়া বুরুঙ্গা এলাকায় ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া সাড়ে আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার বারোমারী মিশনে তীর্থ উৎসব দেখে শিশুটি আন্ধারুপাড়া তাঁর মামার বাড়িতে রাত্রি যাপন করে। পরদিন শুক্রবার সন্ধ্যায় মামার বাড়ি থেকে নিজ বাড়িতে যাবার পথে ফাঁকা মাঠের পার্শ্বে একা পেয়ে ধান ক্ষেতে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মো: আলম মিয়ার ছেলে আজিজুল হক (১৯) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে তাঁর বাবা মা আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় ধর্ষকের বাবা মা আত্মীয় স্বজন ঘটনাস্থলে যায় এবং ধর্ষক আজিজুল হককে পালিয়ে যেতে সহায়তা করে। রাতেই শিশুকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু নালিতাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষনিক হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশি সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। শুক্রবার সন্ধ্যা থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত ৫ আসামীর মধ্যে ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক আজিজুল হক গা ঢাকা দিয়েছে। গ্রেফতারকৃতদের সঙ্গে নিয়ে পুলিশি অভিযান ও মুল আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর