“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ৯ টায় শহরের পুলিশ লাইন চত্ত্বর থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সহযোগে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরআগে দিবসটি উপলক্ষে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। র্যালী শেষে শিশু একাডেমী হলরুমে কেক কাটার আয়োজন করা হয়। এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল ধর্মপ্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য(পটুয়াখালী-১) আলহাজ্ব এ্যাড. মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য-৩২৯,(মহিলা আসন-২৯) কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) কাজী আলমগীর হোসেন, জননন্দিত পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার প্রমুখ।
সভায় পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এ ছাড়াও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. হুমায়ুন কবিরকে জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ওসি ডিবি মোঃ জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-যুবক-জনতা।
বার্তাবাজার/ডব্লিওএস