বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে ধানক্ষেত থেকে হাসিনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৩ টায় বাড়ির পাশে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত হাসিনা বেগম উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের কৃষক আব্দুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজন ও থানা পুলিশ জানান, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায় রাত ৩ টায় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়। পরে নিহতের স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

এঘটনায় নিহতের ছেলের স্ত্রী শাবানা বলেন, তার স্বামী কুয়েত প্রবাসী। সন্ধ্যার পরে তিনি ও তার শাশুড়ি আলাদা ঘরে অবস্থান করছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত তিনটার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ধারণা করা হয় তাকে জবাই করে হত্যা করার পর লাশ ধানক্ষেতে ফেলে গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর