রোহিঙ্গা সংকট: প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস মাহাথিরের

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়াসহ আসিয়ানের সদস্য দেশগুলো প্রয়োজনীয় সবকিছু করবে এ আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ।

শনিবার (২৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান ন্যাম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। মালয়েশিয়া এবং আসিয়ান দেশগুলো প্রয়োজনীয় (রোহিঙ্গা সংকট সমাধানের জন্য) সবকিছু করবে বলে জানিয়েছেন মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এ কথা জানান।

তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে অনুভব করছেন যে, রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছিল এবং এটাকে বিচারের আওতায় আনা উচিত। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেছেন যে, কক্সবাজারে মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল চালিয়ে যাবে।

অস্থায়ীভাবে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য প্রস্তুত করা ভাসানচর সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার জন্য অনুরোধ করেন মাহাথির। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভাসানচরে রোহিঙ্গাদের সুরক্ষা এবং অন্যান্য সম্পর্কিত বিষয় এবং কক্সবাজারে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানান।

মাহাথির মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কেও বলেন এবং জানান যে তার সরকার বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার চেষ্টা করবে। এছাড়া বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও উল্লেখ করেন মাহাথির মোহাম্মদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর