দেশে বিগত কয়েক বছর ধরে প্রতারণা জগতে বেশ আলোচিত ‘জ্বিনের বাদশা’ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে শহরের বিভিন্ন এলাকা হতে বাকলিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার তিনজন হলো- মো. সাইফুল ইসলাম (৩১), মো. মুক্তার রহমান (২৭) ও শীপন চন্দ্র মহন্ত (২৯)। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বার্তাবাজারকে বলেন, ‘জ্বিনের বাদশা পরিচয়ে এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে ৪ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সারা দেশ জুড়ে এদের বিরাট চক্র রয়েছে। সহজ ও সরল মনা ধর্ম ভীরু মানুষদের নিশি রাতে মোবাইল ফোনে কল করে সুকৌশলে নানান সমস্যা সমাধানের কথা বলে টাকা হাতিয়ে নেয়। যাদের কাছ থেকে টাকা হাতানোর পরিকল্পনা করা হয়। তাদের যাবতীয় তথ্য প্রতারকরা আগে থেকেই সংগ্রহ করে রাখে। ফলে মানুষ খুব সহজেই এদের কথার ফাঁদে পরে যায় এবং এদের নিকট টাকা পয়সা খুইয়ে দেয়।’
তিনি আরো বলেন, ‘যারা সাহস করে পুলিশের সাহায্য নেন। তারা হলেন বুদ্ধিমান। কারণ, এ ধরণের ঘটনায় যে সমস্ত ভুক্তভোগী যতবার পুলিশের সাহায্য নিয়েছেন। ততবার তাঁদের টাকা উদ্ধার সহ প্রতারকদের গ্রেফতার করা গেছে। তাই এ ধরণের প্রতারকদের ধারাবাহিকভাবে গ্রেফতার করতে তিনি জনগণকে সচেতন হবার ও পুলিশকে সহযোগিতা করার আহবান করেছেন।’
এছাড়া তিনি গ্রেফতারকৃত তিন সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে জড়িত বাকিদের খুব দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি