ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেছেন, চোর, দুর্নীতিবাজ তো আপনারাই। জুয়া তো আপনারাই খেলেন। আপনাদের লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অহেতুক রাজনীতি করবেন না। মানুষ বুঝেছে কারা ভোট চুরি করে, ক্যাসিনো ব্যবসা চালায়। এমন সরকার আমরা আর চাই না। বাংলাদেশের মানুষের মধ্যে এখন বিদ্রোহের আগুন জ্বলছে।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার আজকে দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে। ওই রাতে প্রশাসনের পাহারায় ভোট চুরি করেছে আওয়ামী লীগ।
মেননের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এক মন্ত্রী বলেছেন রাশেদ খান মেননের বিরুদ্ধে তদন্ত হবে।কিন্তু তা তো হচ্ছে না। তিনি যদি সত্যিই ক্যাসিনো থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে তদন্ত কেন হচ্ছে না? তাকে কি খাতির করছেন?
জালেম সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে উল্লেখ করে তিনি বলেন, তারা কাউকে কথা বলতে দিচ্ছে না। এমন পাপিষ্ঠ সরকার ক্ষমতায় থাকলে কখনও ন্যায় বিচার পাওয়া সম্ভব না।
মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তৃতা করেন বিএনপির স্ব-নির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, বিএনপি নেত্রী অপর্না রায় চৌধুরী, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।