গলায় ফাঁস দিয়ে নারী পোশাক শ্রমিকের আত্মহত্যা

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে স্বামী পরিত্যক্তা পোশাক শ্রমিক পপি আক্তার ওরফে মাজেদা (২৫) এর লাশ উদ্ধার হয়।

নিহত পপি আক্তার টাঙ্গাইল জেলার করটিয়া থানার নয়াপাড়া গ্রামের মজিবর বেপারীর মেয়ে। সে আশুলিয়ার শ্রীপুর এলাকার রফিক মেম্বারের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো বলে স্থানীয়রা জানান।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, আজ (শনিবার) ভোরে শ্রীপুর এলাকা থেকে থানায় ফোন করে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যার সংবাদ দেন স্থানীয়রা। ওই সংবাদের পর ঘটনাস্থল থেকে সকালে নিহত নারীর লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়। নিহত পপি আক্তার তার কক্ষের ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা কেউ টের পায়নি। সকালে দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে পপি আক্তারের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে তার লাশটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, কি কারনে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়না তদন্ত ছাড়াই তার স্বজনদের নিকট সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর