ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

রাজধানীর ধানমন্ডিতে আগুনে পুড়ে গেছে বহুতল আবাসিক ভবনের একটি ফ্ল্যাট। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রবল ধোঁয়ায় মারা গেছেন এক বৃদ্ধা। আহত আরও দু’জন হাসপাতালে ভর্তি আছেন।

হঠাৎ ধোঁয়া দেখে শুরু হয় ছোটাছুটি। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি আবাসিক এলাকার এক ভবনের তৃতীয় তলায় দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনের মালিকের দাবি, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। তবে পুড়ে যাওয়া ফ্ল্যাটের গৃহকর্মীর ইঙ্গিত বৈদ্যুতিক শট সার্কিট থেকেই দুর্ঘটনা।

ফায়ার সার্ভিসও বলছে, ডাইনিং রুমের বৈদ্যুতিক লাইন থেকেই আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রবল ধোঁয়ায় মারা গেছেন ওপরের তলার এক বৃদ্ধা।

ফ্ল্যাটে মোট পাঁচজন সদস্য বাস করলেও আগুন লাগার সময় বাসায় ছিলেন ফ্ল্যাট মালিকের সাত বছরের শিশু এবং দু’জন গৃহকর্মী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর