বেনাপোলে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে বিপুল পণ্য

বেনাপোল স্থলবন্দরে অব্যবস্থাপনার কারণে হাজার হাজার কোটি টাকার আমদানি করা পণ্য খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে।

আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। পণ্যের মান নষ্ট হওয়ায় এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

কর্তৃপক্ষ বলছে, বন্দরের উন্নয়নে বড় অঙ্কের বাজেট প্রক্রিয়াধীন রয়েছে।

বেনাপোল বন্দর থেকে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়। কিন্তু পুরো বন্দরে ৪২টি শেডে মাত্র ৩০ হাজার টন পণ্য রাখা যায়। কিন্তু বর্তমানে বন্দরটিতে দিনে দুই লাখ টন পণ্য হ্যান্ডল করা হয়।

রাখার জায়গা না থাকায় খোলা আকাশের নিচে পড়ে থাকে আমদানি করা বেশিরভাগ পণ্য। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে মেশিনারি ও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট।

ব্যবসায়ীরা বলছেন, স্বাধীনতার ৪৮ বছরে তেমন কোনো অবকাঠামো উন্নয়ন হয়নি বেনাপোল বন্দরের।

বন্দরের অবকাঠামোর উন্নয়ন হলে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি রাজস্ব আয়ও বাড়বে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, “যে কয়েকশ’ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন আছে এই বেনাপোল বন্দরের উন্নয়নকল্পে, সেই প্রকল্পটি যদি একনেকে পাশ করে দেয়া হয় তাহলে বন্দরের ইনফ্রাস্ট্রাকটারজনিত যা কিছু আছে, সব সমস্যা সমাধান হয়ে যাবে।”

কর্তৃপক্ষ বলছে, বন্দরের উন্নয়নের জন্য ১৫শ’ কোটি টাকার একটি বাজেট প্রক্রিয়াধীন আছে। বাজেট পাস হলেই বন্দরের অবকাঠামো উন্নয়ন হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস বলেন, “১৭৫ একর জমি অধিগ্রহণ করার কথা প্রস্তাবে আছে। টার্মিনাল টু হওয়ার পরে বেনাপোলের সার্বিক পরিবেশ এবং অন্যান্য সমস্যার সমাধান হবে।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর