নিরাপত্তা জোরদার করার পরও কেন শঙ্কিত নুসরাতের পরিবার?

বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় বৃহস্পতিবার রায় দিয়েছে আদালত। রায়ে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দেয়া হয়। আদালতের এমন রায়ের পর থেকেই সামনে চলে এসেছে নুসরাতের পরিবারের নিরাপত্তার বিষয়টি। যদিও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাতের পরিবার। রায় দ্রুত কার্যকরের পাশাপাশি নিজেদের জানমালের নিরাপত্তা চেয়েছেন তারা।

এদিকে নুসরাতের পরিবারের নিরাপত্তা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যতদিন প্রয়োজন হবে ততদিন নুসরাতের পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

নুসরাত জাহান রাফির পরিবারকে কোনো কুচক্রী মহল হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী।

শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন আইনমন্ত্রী।

অন্যদিকে এদিন বিকালে নুসরাতের কবর জিয়ারত শেষে তার বাবা ও বড় ভাই পরিবারের নিরাপত্তার কথা বলেন।

নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক বলেন, রায়ে আমরা খুশি। কিন্তু রায়ের পর আসামিপক্ষের অব্যাহত হুমকি-ধামকিতে আমরা শঙ্কিত।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, কয়েকজন প্রভাবশালী আসামির পক্ষের লোকজন বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের জানমালের নিরাপত্তা চাই।

তবে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মুহাম্মদ খালেদ হোসেন গণমাধ্যমকে বলেন, নুসরাতের বাড়িতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিয়ে তাদের শঙ্কার কিছু নেই। পুলিশ নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর