দ্বিতীয় স্ত্রী হিসেবে সংসার না করায় রিনাকে খুনের অভিযোগ

দ্বিতীয় স্ত্রী হিসেবে সংসার না করায় রিনাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার। পারিবারিকভাবে বিয়ের তিনবছর পর স্ত্রী রিনা আক্তার (২৮) জানতে পারে তার আগেই স্বামীর ঘরে সংসার করছেন আরেক স্ত্রী। এ নিয়ে মতবিরোধ ও একপর্যায়ে তালাকের ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ অক্টোবর) মেয়ের পরিচয় নিশ্চিত করে মেয়ের স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রিনার বাবা মাগুরা সদর থানার খানপুর গ্রামের বাসিন্দা মুরাদ মোল্লা।

নিহতের পরিবারের অভিযোগ, তালাকের পরও রিনাকে নিয়ে সংসার করতে মরিয়া হয়ে রাজি করানোর চেষ্টা করে রুবেল। এতে স্ত্রী রিনা রাজি না হওয়ায় তাকে খুন করে ত্রিশাল উপজেলার খিরু নদীতে লাশ ফেলে রেখে যায় পাষন্ড স্বামী।

নিহতের পিতা মুরাদ মোল্লা জানান, ৭ বছর পূর্বে ঢাকায় এসে একটি গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করছিল। চাকুরীরত অবস্থায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের মৃত সবুজ হাওলাদারের ছেলে মোঃ রুবেল (৩১) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং প্রায় ৪ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

তিনি আরো জানান, বিবাহের তিন বছর পর স্ত্রী রিনা জানতে পারে তাঁর স্বামী রুবেলের আগের আরো একজন স্ত্রী রয়েছে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়াই প্রায় ৮ মাস পূর্বে উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরে স্বামী রুবেল মিয়া তাকে নিয়ে পুনরায় সংসার করার জন্য চাপ দিতে থাকে। এতে রিনা আক্তার (২৮) রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকি দিতো। বৃহস্পতিবার বিকালে রুবেল চলমান বিচ্ছেদের বিরোধ নিষ্পত্তির কথা বলে বাসা থেকে নিয়ে আসে তাকে। পরে শ্বাসরোধ করে হত্যা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চেলেরঘাট খিরো নদের পাড়ে রিনাকে ফেলে যায়।

ত্রিশাল থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার খিরু নদী থেকে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ত্রিশাল থানা পুলিশ পিবিআইয়ের সহযোগিতায় ফিঙ্গার প্রিন্স সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করে নিহত যুবতীর গ্রামের বাড়িতে খবর দেয়। শুক্রবার সকালে রিনার বাবা-মা এসে লাশ সনাক্ত করে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ময়না তদন্ত শেষে তার পিতার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে অভিযুক্ত রুবেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর