ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে টেস্ট ক্রিকেটে উইকেটকিপিং ছাড়তে সম্মত হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ভারত সফরের দুই টেস্টে তিনি শুধুই ব্যাটসম্যান হিসেবে খেলবেন বলে একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো।
কোচ জানিয়েছেন, টেস্টে আর কিপিং করতে চান না বলে মুশফিক নিজেই তাকে জানিয়েছেন। ডমিঙ্গো বলেন, ‘আমরা যখন শ্রীলংকা সফরে ছিলাম, তখন সে আমাকে বলেছে, টেস্টে কিপিং করতে চায় না। ব্যাটিংয়ে আরও বেশি ফোকাস করতে চায়। তার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।
সে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবে। তার জায়গায় অন্য কেউ কিপিং করবে।’ মুশফিকের উইকেটকিপিং নিয়ে বহুদিন ধরেই কথা হচ্ছে। দলে উইকেটকিপারের ছড়াছড়ি। তাই মুশফিক শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিলে দলের ব্যাটিং অর্ডার আরো বেশি শক্তিশালী হবে।
টিম ম্যানেজমেন্ট বিষয়টি অনেকদিন থেকেই মুশিকে বুঝানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এতদিন এতে রাজি হননি দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। মুশফিকের চোটের অভিযোগে টিম ম্যানেজমেন্ট লিটন দাস ও নুরুল হাসান সোহানকে উইকেটকিপার হিসেবে খেলিয়েছে। এতে অবশ্য ক্ষুব্ধও হয়েছিলেন মুশি।
এতদিন তিনি যুক্তি দিচ্ছিলেন, উইকেটের পেছনে থাকলে নাকি তিনি পিচের অবস্থা বেশ ভালোমতো বুঝতে পারেন। আর সেটা নাকি ব্যাটিংয়ের সময় কাজে দেয়। কিপিং না করলে নাকি তার আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা দেয়। তবে দেরিতে হলেও তিনি কিপিং ছাড়ার সিদ্ধান্তটা নিতে পেরেছেন।
বার্তাবাজার/কেএ