নগরীতে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে অস্ত্র সহ পাঁচজনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্য রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাঁচজন হলো- মো. রুহুল আমিন (২১), মো. তুহিন প্রকাশ তুফান (২৮), মো. আবদুল কাদের সুজন (২৯) মো. জাবেদ প্রকাশ ভাগিনা জাবেদ (৩১) ও রায়হান আহমেদ রনি (২০)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের নামে চাঁদাবাজি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি বন্দুক, তিনটি ছুরি ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আবদুল ওয়াজেদ নামে এক ব্যবসায়ীকে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২৩ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তাঁর ঘরে হামলা চালায়।
হামলা ঘটনায় আব্দুল ওয়াজেদ বাদি হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আতাউর রহমান খন্দকার।
বার্তাবাজার/ডব্লিওএস