শিল্পী সমিতির ভোটগ্রহণ শেষে চলছে গণনা

উৎসাহ উদ্দীপনায় শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদে। ভোট দিচ্ছেন ৪৪৯ ভোটার। পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে সবপক্ষ।

উৎসাহ উদ্দীপনায় চলছে ভোট গ্রহণ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের শিল্পী সমিতির নতুন নেতৃত্বের খোঁজে ৪৪৯ ভোটার। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা জড়ো হতে থাকেন বিএফডিসি চত্বরে।

ফুল হাতে কুশল বিনিময় করেন ভোটারদের সাথে। ভোট দিয়ে অনেকেই বললেন তাদের প্রত্যাশার কথা।
ছিল নানা জল্পনা-কল্পনা, সব কিছু শেষে ভোট গ্রহণের দিনে প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথাই জানালেন।

বিএফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। এর পর ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

নির্বাচন উপলক্ষে পুলিশ মোতায়েন করে এফডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু ভোটার, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্টদের এফডিসির গেট দিয়ে ঢুকতে দেয়া হচ্ছে।

ভোটাররা এফডিসির গেটে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করছেন। বিশেষ পরিচয়পত্র নিয়ে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করছেন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা পদক্ষেপ নেয়া দরকার আমরা নিয়েছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে শিল্পীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে আসবেন।’

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪৪৯ জন, যা গত নির্বাচনে ভোটার সংখ্যার চেয়ে ১৮১ জন কম।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর