ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে অস্বস্তি বিরাজ করছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে। খেলোয়াড়দের সঙ্গে বসেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরুতেই খুঁজতে শুরু করলেন মেহেদী হাসান মিরাজকে।
যদিও ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বৈঠকের পর আপাতত স্বস্তি ফিরেছে। মাঠে ফিরেছেন খেলোয়াড়রা। দাবিগুলো নিয়ে বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে হওয়া বৈঠকে বারবার হস্তক্ষেপ করছিলেন খালেদ মাহমুদ সুজন।
আর তখনই রেগে যান বিসিবি বস নাজমুল হাসান পাপন। একপর্যায়ে কড়া ধমক দেন সুজনকে। বুধবার রাতে মিরাজকে উদ্দেশ্য করে বিসিবি সভাপতি উচ্চস্বরে বলেন, ‘মিরাজ, আমি তোমার জন্য কী করিনি, আর তুমি আমার ফোন ধরনা? আমি তোমার ফোন নাম্বার ডিলেট করে দেব। তুমি দল থেকে বাদ পড়ে গিয়েছিলে। আমি তোমাকে দলে ফিরিয়েছি। আর তুমি…।’
ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির এমন রাগ অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তারা মনে করছেন, বিসিবি তাদের ওপর এখন আরও কড়া হবে। এখন ‘লঘু পাপে গুরু দণ্ড’ ভোগ করতে হবে তাদের। ক্রিকেটারদের এখন আতশি কাচের নিচে রাখবে বোর্ড।
আলোচনা শেষে নাম প্রকাশ না করে শর্তে এক ক্রিকেটার ইএসপিএন ক্রিনইনফোকে বলেন, ‘বোর্ড আমাদের দাবি মেনে নিয়েছে এইটুকু শুধু জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছু আমাদের বলা হয়নি। যেমন প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি বাড়বে। কিন্তু সেটা কত তা আমরা জানি না।’
অন্য এক ক্রিকেটার বলেন, ‘মিরাজের ব্যাপারটা আমাদের হতাশ করেছে। যেভাবে আলোচনা শুরু হয়েছে। আমাদের বেশি কিছুর বলার সুযোগ ছিল না।’
বার্তাবাজার/এম.কে