সিরাজদীখান উপজেলায় পূর্ব-বিরোধের জের ধরে শাহাদাত মোল্লা নামে এক ব্যবসায়ীকে পিটিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকালে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রেজার ব্যবসায়ী শাহাদাত মোল্লা ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের জহির মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের গোলাম রসুলের ছেলে সোহেলের সঙ্গে ঢাকার নবাবগঞ্জের ব্যবসায়ী শাহাদাতের টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উপজেলার তুলশীখালী ফেরীঘাটে শাহাদাত ও সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সোহেলের লোকজন ব্যবসায়ী শাহাদাতকে পেটায়।
সিরাজদীখান উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে আহত ব্যবসায়ী পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
বার্তা বাজার/এস.আর