এমপিওভুক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন

তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার এমপিওভুক্ত করার পর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে এর বিরুদ্ধে। বিক্ষোভ করছে আগের অবস্থায় থাকার দাবিতে।

শিক্ষকদের জোরালো আবেদনের জেরে দেশে যখন সরকার তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বলছেন ভিন্ন কথা। তাঁদের দাবি তাঁরা স্বায়ত্তশাসিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে থাকতে চান, সরাসরি সরকারের কর্তৃত্বে যেতে চান না। এই দাবির পরিপ্রেক্ষিতে তারা বৃহস্পতিবার অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে এমপিওভুক্তির জন্য অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন এবং ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শনে নেমে পরেন রাস্তায়।

এমপিওভুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের পর বৃহস্পতিবার সরকার ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘মান্থলি পেমেন্ট অর্ডার’ বা এমপিওতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক শাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজও রয়েছে। এই মাধ্যমিক বিদ্যালয় এতদিন সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হত। তবে এমপিওভুক্ত হওয়ায় এখন হতে এর উপর সরকারি নিয়ম-কানুন প্রযোজ্য হবে।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধীন হওয়ায় আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি।। কিন্তু বর্তমান অধ্যক্ষ আমাদের এই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেন। এতে আমাদের ইচ্ছা অনুভূতি নষ্টের পাশাপাশি খন্ডকালীন শিক্ষকদের চাকরি চলে যাবে। আর আমরা চাইনা এমন কিছু হোক।’

এমপিওভুক্তির উদ্যোগ নেওয়ার জন্য অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হককে দায়ী করে শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবি তুলেন ও তাঁর ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা শামসাদ বেগম চৌধুরীর কক্ষেও তালা লাগিয়ে দেন।

শামসাদ বেগম চৌধুরী বলেন, এমপিওভুক্তির ব্যাপারে শামসাদ বলেন, আমি কিছুই জানি না। অধ্যক্ষ ফজলুল হক স্যার ছুটিতে থাকায় আমি মাত্র কয়েকদিনের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। তবুও বিনাদোষে শিক্ষার্থীরা আমার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় আমি বের হই।’

তিনি শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে জানতে চাইলে বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সাথে আমাদের কথা হয়েছে। তিনি শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর