ক্যাসিনোসহ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়।
এর আগে চলমান অভিযানকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় কমিটি।
বৈঠকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কারাগারে চিকিৎসক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয় সংসদীয় স্থায়ী কমিটি। কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা হয়। কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে এমন ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় বৈঠকে। পরে কারাগারে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ে শেষ করতে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।
বার্তাবাজার/ডব্লিওএস