পৌরসভার পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮৩ জন

পৌরসভার সরবরাহকৃত পানি খেয়ে ১২ ঘন্টায় হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চাপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহকৃত পাইপ লাইনের পানি খেয়ে হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে অনেকেই চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অনেকেই নিজ বাড়ি ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, হাসপাতালে নার্সরা কাঙ্ক্ষিত সেবা দিলেও রোগীদের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন রোগীসহ তাদের স্বজনরা।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হরিপুর ও দ্বারিয়াপুরসহ সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ৮৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭ জন চিকিৎসাসেবা নিয়ে বাড়ি গেছেন এবং অন্যরা এখনও ভর্তি রয়েছেন। তবে হাসপাতালে স্যালাইন সংকট রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পানি খেয়ে ওই এলাকার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কি-না তার জন্য সেখানে পৌরসভার লোক পাঠানো হয়েছে। তাদের পানি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ স্যালাইন দেয়া হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর