নুসরাত হত্যা : এসপিসহ ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ আদালতের

বহুল আলোচিত নুসরাত হত্যার রায়ে ১৬ জনের ফাঁসির আদেশ ছাড়াও চার পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে, এই মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে রাখা উচিত ছিলো বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন। তিনি বলেন, ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার কার্যক্রম শেষ পর্যায়ে।

আলোচিত এই মামলার ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্রে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ও সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

এরমধ্যে এই ঘটনার পর সবচেয়ে বেশী আলোচিত ছিলো সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের ভূমিকা। ঘটনার আগে নুসরাতকে থানায় ডেকে জেরা করার ভিডিও প্রকাশ হলে তাকে বহিস্কার করা হয়। পরে,মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ১৬ই জুন তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি চলমান। এরইমধ্যে এই মামলায় দুই পুলিশ সদস্যের সাক্ষ্যগ্রহণ করেছে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। মামলাটি এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাদি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ওসি মোয়াজ্জেমের শাস্তি নিশ্চিত হলে নুসরাতের আত্মা শান্তি পাবে।

বর্তমানে কারাবিধি অনুযায়ী ওসি মোয়াজ্জেম কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা ভোগ করছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর