ছিটকে গেলেন সাইফ উদ্দিন

ইনজুরিতে আক্রান্ত হওয়ায় জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দিনের ভারত সফর নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সেটাই সত্যি হলো। ভারত সফর থেকে ছিটকে গেলেন এই তরুণ অলরাউন্ডার। পিঠের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না তিনি।

তবে ভারত সফরে টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে রাখা হয়েছিল অলরাউন্ডার সাইফউদ্দিনকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য। বিসিবির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন। পিঠের ইনজুরির কারণে তাকে বাদ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি স্ক্যান করার পর জানা গেছে, ইনজুরি থেকে সেরে উঠতে সাইফউদ্দিনের বেশ সময় প্রয়োজন। খুব দ্রুতই রিহ্যাব শুরু করবেন তিনি এবং তার এই রিহ্যাব নিয়মিত মনিটর করবেন বিসিবির মেডিক্যাল টিম।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতো বলেন, ‘পিঠের ইনজুরির কারণে আগামী মাসে ভারত সফর থেকে সাইফউদ্দিনকে বিশ্রাম দেয়া হয়েছে। ইনজুরি থেকে সেরা ওঠার জন্য তার দীর্ঘ সময়ের প্রয়োজন। আমরা তাকে সে সুযোগ দিতে চাই। এখন সে নিজের শারীরিক শক্তি বাড়ানোর সুযোগ পাবে এবং তার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী সপ্তাহেই পরবর্তী আপডেট জানাবে মেডিক্যাল টিম।’

বার্তাবাজার/ডব্লিওএস

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর