ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ লাশ হস্তান্তর করে। এর আগে সকাল বেলা দু-দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
গত রবিবার সন্ধ্যায় অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক শ্রীকান্ত রায় (৩০) হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে।
শ্রীকান্তের বাবা খেলু রাম জানান, গত সোমবার থেকে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। আজ লাশ ফেরত দিবে, কাল দিবে এমন করে গত সোমবার থেকে সীমান্তে দাড় করিয়ে রেখেছে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্য। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম লাশ ফেরত দিবে না। অবশেষে ছেলের লাশ পেলাম।
কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান, গত সোমবার থেকে লাশ ফেরতের বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ করা চেষ্টা চলছে। অবশেষে আজ সকালে আমাদের পত্রে সাড়া দিলে উভয় দেশের পাতাকা বৈঠক হয়। পরে তারা নিহত যুবকের লাশ ফেরত দেয়।
লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি তদন্ত আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা, নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের সন্নিকটে পৌঁছালে বিএসএফ তাকে লক্ষ করে গুলি করে। এতে বিএসএফের গুলিতে নিহত হয় শ্রীকান্ত। সারারাত সীমান্তে পড়েছিল নিহত শীকান্তের লাশ। মঙ্গলবার সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে যায়।
বার্তা বাজার/এস.আর