নুসরাত হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, এবং নুসরাতের মর্যাদা রক্ষার লড়াই একটি ইতিহাস। বৃহস্পতিবার নুসরাত হত্যা মামলার রায়ে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে আদালতের রায়ে।
রায়ের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ ও মেজবা উদ্দিন মোর্শেদ রায়ে উঠে আসা পর্যবেক্ষণসমূহের বিষয়ে সাংবাদিকদের জানান।
হাফিজ আহমেদ জানান, রায় পাঠের সময়ে আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে মামলার বিচারক মো. মামুনুর রশিদ বলেন, গণমাধ্যম নুসরাত হত্যার ঘটনার নৃশংসতা তুলে ধরায় ঘটনার ব্যাপকতা ফুটে উঠেছে।
এই হত্যা পরিকল্পিত ছিলো উল্লেখ করে রায়ে বলা হয়, হত্যার বিষয়ে সব আসামি একমত ছিল।
নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করার জন্য মৃত্যুশয্যায় থাকা নুসরাতের অবিচল সংকল্প নিয়ে আদালত মন্তব্য করেছেন, নুসরাতের মর্যাদা রক্ষার লড়াইয়ে এই রায় ইতিহাস হয়ে থাকবে।
মেজবা উদ্দিন মোর্শেদ জানান, আদালত পর্যবেক্ষণে আরো বলেন যে আসামিদের আচরণ হার মানিয়েছে মানবিকতাকে।
সংক্ষিপ্ত সময়ে আলোচিত এ মামলার রায় শেষ করা একটি চ্যালেঞ্জের ছিল বলেও জানায় আদালত।
এছাড়া এই ঘটনায় সোনাগাজি থানার ওসি মোয়াজ্জেমের গাফিলতি ছিল উল্লেখ করে তাকে তিরষ্কার করেছে আদালত। ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে আদালত।
বার্তাবাজার/কে.জে.পি