ভোলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ২

ভোলার বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে ঘটনায় ভিডিও ফুটেজ দেখে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আকবর হাওলাদারের ছেলে মোঃ আরিফ (২৪) ও কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুনাফ চৌকিদারের ছেলে মোঃ সজিব (২৩)।

বৃহস্পতিবার সকালে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, গত রবিবার বোরহানউদ্দিনে পুলিশি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলা এবং ৪ জন নিহত হওয়ার ঘটনায় রাতে পুলিশ বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে পাওয়া ভিডিও থেকে শনাক্ত করে ওই মামলায় আসামি হিসেবে আরিফ ও সজিব নামে দুই হামলাকারীকে পুলিশ আটক করে। বৃহস্পতিবার সকালে, আটক দুই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

এদিকে, জানা যায় সেদিন বোরহানউদ্দিন ঈদগাহ ময়দানের মসজিদ থেকে বার বার আহ্বান জানানো হয়েছিলো হামলা না করতে। কিন্তু, উশৃঙ্খল কিছু যুবক তাতে সাড়া দেয়নি। তখন সাধারণ মুসল্লিদের উসকে দিয়ে দেশিয় অস্ত্র দিয়ে মসজিদের দরজা ভেঙে প্রশাসনের কর্মকর্তাদের বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। এমন কিছু ভিডিও পাওয়া গেছে। হামলার আগে পুলিশের বিরুদ্ধেও গুজব ছড়ানো হয়েছিলো।

এদিকে, বোরহানউদ্দিনে মন্দির ও হিন্দু বাড়িতে হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের সভাপতি সত্য প্রসাদ দাস।

উল্লেখ্য, বিপ্লব চন্দ্র বৈদ্য শুভর ফেসবুক মেসেঞ্জার থেকে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে উত্তেজনা তৈরি হয়। এর জেরে, গত রবিবার (২০ অক্টোবর), বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর