নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার

আগুন সন্ত্রাসে নিহত সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এতদিন পর্যন্ত প্রতিদিন নিরাপত্তার কাজে তিনজন করে পুলিশ মোতায়েন থাকলেও মামলার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন আহমেদ জানান নুসরাত হত্যা মামলার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে নুসরাতের গ্রামের বাড়িতে ও সোনাগাজীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো জানান পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে আইনশৃঙ্খলা নজরদারীতে রাখবেন।

এ মামলায় গত ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২৭ জুন থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলার ৯১ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসাকেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে মাদরাসার প্রশাসনিক ভবন কাম সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার ফেনীর আদালতে চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর