রংপুরের পাড়া-মহল্লায় বাঁশের খুঁটিতে সঞ্চালন লাইন। হাজার হাজার সংযোগ তারে পাতা যেন মৃত্যুর ফাঁদ। অহরহ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটলেও সমাধান নেই। উপরন্তু বৈদ্যুতিক খুঁটি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মধ্য ও পূর্ব পীর্জাবাদ, সুলতানের মোড়, পাঠানপাড়া, দূর্গাপাড়া, বানিয়াপাড়া ও ডাঙ্গীপাড়াসহ এই পাড়া-মহল্লাগুলো সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত। শহরতলীর আরও অনেক এলাকায় মাইলের পর মাইল বিদ্যুৎ সঞ্চালন লাইন দেয়া হয়েছে বৈদ্যুতিক পিলার বা খাম্বা ছাড়াই। বাঁশের খুঁটিতে দেয়া শত শত সংযোগ লাইন প্রতিমুহুর্তের আতঙ্ক এখানকার মানুষের জন্য।
এলাকাবাসীরা জানান, যাওয়া আসা করতে ভয় লাগে। কিছুদিন আগেও একজন মারা গেছে। বাচ্চারাও এখান দিয়েই যাওয়া আসা করে।
বছরের পর বছর অনুরোধ করে প্রতিকার না পাওয়া মানুষের অভিযোগ, টাকার বিনিময়ে খুঁটি দেয়ার কথা বলে প্রতারণার ফাঁদও পেতেছেন বিদ্যুৎ বিভাগের কতিপয় লোক।
তারা বলেন, কেউ এ সমস্যাটাকে গুরুত্ব দিচ্ছে না। তারা আসে, টাকা নিয়ে চলে যায়।
নীতিমালা লঙ্ঘন করে বাঁশের খুঁটিতে সংযোগ দেয়ার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগের বিষয়ে কথা বলেননি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন সরকার।
বার্তাবাজার/কে.জে.পি