ছাদ বাগানের গাছ কেটে সাবাড় করা নারী মানসিক ভারসাম্যহীন!

ঢাকার সাভারের ডগরমোড়া এলাকায় নক্ষত্রবাড়ি নামক আটতলা ভবনের ছাদবাগানের গাছ কেটে সাবাড় করা নারী খালেদা আক্তার লাকি মানসিক ভারসাম্যহীন বলে জানালেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। মঙ্গলবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে এমনটিই জানান তিনি।

এর আগে আজ (২৩ অক্টোবর) সকালে সাভারের ডগরমোড়া এলাকার নিজ ফ্লাট থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সাভার থানা পুলিশ। তবে প্রতিহিংসা থেকে ছাদবাগানের গাছ কেটে সাবাড় করা খালেদা আক্তার লাকিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গাছ কেটে ফেলার অভিযোগে সকালে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ সুপার বলেছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় কোনো মামলা হবে না।

এদিকে, ভুক্তভোগী পরিবরের দাবি, খালেদা আক্তার লাকি কোনোভাবেই মানসিক ভারসাম্যহীন নন; বরং হিংসা প্রতিহিংসার বশেই গাছগুলো কেটেছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২২ অক্টোবর) ঢাকার সাভারের সিআরপি ডগরমোড়া এলাকায় নক্ষত্রবাড়ি নামক আটতলা ভবনের ছাদবাগানের গাছ কেটে ফেলেন খালেদা আক্তার লাকি নামের ওই নারী। তখন গাছ কাটার ভিডিও ধারণ করেন সুমাইয়া হাবিব নামের ক্ষতিগ্রস্ত
ছাদবাগানটির মালিক। পরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোষ্ট করলে সেটা ভাইরাল হয় এবং এ ঘটনায় সব মহলে প্রতিবাদ শুরু হয়। পরে মঙ্গলবার (২৩ অক্টোবর) সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সাভার মডেল থানার পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর