ক্রিকেটাররা সমস্যার সমাধান না করলে ভারত বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আর ভারত সফর বাতিল হলে বাংলাদেশ আইসিসির নিষেধাজ্ঞায় পড়বে বলেও মন্তব্য করেন বিসিবি সভাপতি।
এর আগে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে আন্দোলনরত ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার কথা জানালেও ক্রিকেটারদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত বিসিবি কর্মকর্তারা অপেক্ষা করলেও বিসিবিতে কোনো ক্রিকেটারকে আসতে দেখা যায়নি।
এর পরেই, ক্রিকেটাররা চলমান আন্দোলন ও ধর্মঘটের বিষয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের আগে ক্রিকেটাররা গুলশান-২ এর সিক্স সিজন হোটেলে বৈঠকে বসে।
এদিকে, কারও সঙ্গে আলোচনা না করে ক্রিকেটাররা কেন আন্দোলনে গেলেন সে বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসানকে প্রশ্ন করেন। নাজমুল হাসান পাপন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি পাপনকে এ প্রশ্ন করেন। এ সময়, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকা মাশরাফি বিন মর্তুজার কাছে বিস্তারিত জানতে চান। প্রধানমন্ত্রীর দরজা খেলোয়াড়দের জন্য সবসময় খোলা আছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের শীর্ষ ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘খেলোয়াড়েরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের দাবি বিবেচনা করা হবে। সব দাবি আর্থিক, তাই এগুলো চাইলে সমাধান সম্ভব। দ্রুত সমস্যা সমাধানের জন্য তামিমের সঙ্গে কথা হয়েছে। তাদের বলা হয়েছে বোর্ড আজ বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবে।’ কিন্তু এর পরেও দেখা মেলেনি সাকিব-তামিমদের।
অন্যদিকে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের আন্দোলনের বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। এমনকি দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করতেই এসব করা হচ্ছে বলেও মন্তব্য করেন পাপন।
বার্তাবাজার/ডব্লিওএস