ময়মনসিংহে শিহাব হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কলেজ ছাত্র শিহাব হাসান (২০) হত্যা মামলার রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী হাসিম উদ্দিন বলেন, শিহাব হাসান ২০১২ সালের ১৯ অক্টোবর বাদ আসর বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরেনি। ২১ অক্টোবর বিকেল তিনটার দিকে মোবাইলে শিহাবের মা সেলিনা খাতুনকে জানানো হয় যে, তার ছেলে শিহাবের মরদেহ পাগলা থানাধীন গলাকাটা বাজারের পার্শ্বে ব্রহ্মপুত্র নদের তীরে পাওয়া গেছে।

এ ঘটনার ২দিন পর ২৩ অক্টোবর শিহাবের মা পাগলা থানায় ডিমের ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ছেলে শিহাবকে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শিহাব গফরগাঁও উপজেলার পাগল থানাধীন দীঘিরপাড় গ্রামের ফজলুল হকের ছেলে। সে
গুরুদয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলো।

সাত বছর পর মামলার রায়ে আসামি মোফাজ্জল, ইলিয়াস (পলাতক), মামুন, মোস্তফা কামাল ওরফে মন্তু, পলাশ, জজ মিয়া, খোকন, সবুজ, আনোয়ার (পলাতক), সোহাগ ও আলমকে (পলাতক) যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়। পলাতক তিন আসামিকে সাজা উল্লেখপূর্বক গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর