নওগাঁর পত্নীতলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদসস্যরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র এএসআই ফেরদৌস, কনস্টবল মুনির ও আ: রহমান।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মেম্বারপাড়ার গফুর ওরফে ভোলার ছেলে। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
বুধবার বিকেল ৩টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, ফারজানা হোসেন, ডিআইও-১ মোবারক হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি কেএম শামসুদ্দীন।
সংবাদ সমম্মেলনে পুলিশ সুপার জানান, জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা উপজেলার রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে মাদক উদ্ধার করতে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তখন ডিবি পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে মেহেদী হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সেখান থেকে ৫০০ পিস ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ২টি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। কনস্টবল মুনিরের অবস্থা আশঙ্খাজনক।
বার্তাবাজার/এম.কে