ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের পেছনে ট্রেনের ধাক্কা, আহত ৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অরক্ষিত একটি রেলক্রশিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুল রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

আজ বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলার মিলন বাজার এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ রেল ষ্টেশনের ষ্টেশন মাস্টার গোলাম রব্বানী।

আহতরা হলেন-জেলার পীরগঞ্জ উপজেলার কুসিরগাঁও গ্রামের হামিদুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২২), সেনুয়া গ্রামের মজনু মিয়ার ছেলে শাহীন আলী(২০) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে সানু মোহাম্মদ (২১)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ষ্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, দুপুরে পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেন মিলন বাজার এলাকায় একটি অরক্ষিত রেলক্রশিং পার হবার সময় মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে মোটরসাইকেল চালকসহ ৩ আহত হয়।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাব্বির হোসেনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর