৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১২ বছরের কিশোর গ্রেপ্তার

ঢাকার সাভারে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাকিব আল হাসান নামের ১২ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই কিশোর সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লার আব্দুল ওহাবের ছেলে বলে জানা গেছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী ধর্ষণ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ধর্ষিতা শিশুর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই শিশুটি গত বুধবার (১৬ অক্টোবর) বিকালে বাড়ির পাশে সহ-পাঠীদের নিয়ে খোলাধূলা করছিলো। এসময় হঠাৎ সাকিব এসে ওই শিশুকে মজা খাওয়ানোর কথা বলে পাশের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়ায় ওইদিন শিশুটি বাড়ীর কাউকে কিছু না জানালেও পরের দিন ওই শিশুর যৌনঅঙ্গে রক্তক্ষরণ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবারের সদস্যরা। এরপর কর্তব্যরত চিকিৎসক পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন। পরে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এব্যাপারে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি)তে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা (মামলা নং-৬৩) দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর